ঢাকার ৪১৬ বছরপূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৫:১৯ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উৎসবের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম।

সোমবার (১৩ জুলাই) ডিএসসিসির অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় সবাইকে ‘ঢাকা উৎসব’-এর আমন্ত্রণ জানান।

আব্দুস সালাম বলেন, আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি হতে যাচ্ছে। এ উপলক্ষে ১ আগস্ট আমরা ঢাকা উৎসব উদযাপন করতে চাই।

প্রধানমন্ত্রী ঢাকা উৎসব অনুষ্ঠান উদ্বোধনের সম্মতি জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা শহরের কৃষ্ঠি, সাহিত্য, ঐতিহ্য—আমরা মানুষের মনে ফিরিয়ে দিতে চাই।

ঢাকা দিবস উদযাপনে ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ৭ দিনের কর্মসূচির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলেও জানান তিনি।

দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রথম দিন লালবাগ কেল্লা থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে আদি ঢাকার খাবারের স্টল পরিদর্শন, ক্লিন ঢাকা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকাবাইচসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।