জনস্বার্থ রক্ষা করেই আইএমএফের নতুন কর্মসূচি: আমির খসরু

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৪:২৬ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬

জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে যাবে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো আইএমএফ কর্মসূচিতে সরকার অংশ নেবে না।

অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের নেওয়া আইএমএফের কর্মসূচি জনস্বার্থবিরোধী ছিল। ওই কর্মসূচিতে এমন কিছু শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য নয়। এ কারণেই বর্তমান সরকার সেই কর্মসূচি থেকে সরে এসেছে।


তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য শুধু অর্থ পাওয়া নয়, বরং দেশের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ও দেশের অর্থনীতির স্থিতিশীলতাই অগ্রাধিকার পাচ্ছে।

আমির খসরু বলেন, “জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করে এমন একটি নতুন প্রোগ্রামে আমরা যাচ্ছি। যে কর্মসূচিতেই আমরা যাই না কেন, সেখানে বাংলাদেশের জনগণের স্বার্থ শতভাগ সংরক্ষিত থাকবে।”

এ সময় দেশের ভিসানীতিতে পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান ভিসানীতিকে আরও সহজ ও সময়োপযোগী করা প্রয়োজন।

ভিসানীতি আধুনিক করা হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, বিনিয়োগকারীরা আরও সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।