বাংলাদেশের বন্যা ও ভূমিধসে শোক জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ২:১৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন অঞ্চলে চলমান মৌসুমি বন্যা ও পাহাড়ি ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসে যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি মালদ্বীপ সরকার ও জনগণের গভীর শোক ও সহমর্মিতা রয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগে যাদের ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি মালদ্বীপের জনগণের আন্তরিক প্রার্থনা ও সমর্থন অব্যাহত থাকবে।

বার্তার শেষাংশে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশ ও তার জনগণের পাশে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করছি।”

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্রে বহু পরিবার আশ্রয় নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের এ দুর্যোগে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল সমবেদনা ও সংহতি প্রকাশ করছে। এরই ধারাবাহিকতায় মালদ্বীপের প্রেসিডেন্টের এই বার্তাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সহযোগিতার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।