মিশর-আর্জেন্টিনা ম্যাচ: ক্ষুব্ধ মরিনহো বললেন— ‘দিনের আলোয় ডাকাতি’

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে মিশরের বিতর্কিত হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। বিশেষ করে ভিএআরের মাধ্যমে মিশরের একটি গোল বাতিলের সিদ্ধান্তকে তিনি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন।

পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।

মরিনহো বলেন, ‘এটা দিনের আলোয় ডাকাতি। যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির তখনই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার অপেক্ষা করে পরে সেটি বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত একটি দলের কঠোর পরিশ্রম ও লড়াইকে মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দিতে পারে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এ ধরনের বিতর্ক ফুটবলের ভাবমূর্তির জন্যও ভালো নয় বলে মন্তব্য করেন তিনি।

ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিল মিশর। একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

তবে ম্যাচ শেষে মিশর শিবিরে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখা যায়। ভিএআরে গোল বাতিলের পাশাপাশি সম্ভাব্য পেনাল্টি না দেওয়া ও কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ওঠে। মরিনহোও মনে করেন, এসব সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।