মেসিকে কেন আর্জেন্টিনায় ফিরতে না বললেন রিকেলমে?
আর্জেন্টিনার জার্সিতে মেসির অধ্যায় শেষ। বিদায়ের পর তাকে নিয়ে যখন আবেগ আর শ্রদ্ধায় ভাসছে পুরো দেশ, তখন মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে। মেসির ক্যারিয়ারকে অবিশ্বাস্য বলে প্রশংসা করার পাশাপাশি বোকা জুনিয়র্সের সভাপতি মনে করেন, এখন আর আর্জেন্টিনার ফুটবলে ফেরার প্রয়োজন নেই মেসির। বরং যত দিন ইচ্ছা যুক্তরাষ্ট্রেই ফুটবল উপভোগ করা উচিত তার।
টাইসি স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেসির জাতীয় দল থেকে অবসরের প্রসঙ্গে কথা বলেন রিকেলমে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। একসঙ্গে খেলেছেন ২০০৬ বিশ্বকাপেও, আর ২০০৮ বেইজিং অলিম্পিকে জিতেছেন সোনার পদক।
মেসির অর্জনের কথা বলতে গিয়ে রিকেলমে বলেন, 'আমাদের উচিত তাকে আরও বেশি ধন্যবাদ দেওয়া। সে যা কিছু করেছে, তার পর আমরা আর কী চাইতে পারি? সে নিজের সব স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে। নিঃসন্দেহে আমি জানি না সে সর্বকালের সেরা কি না, কিন্তু সে সেরাদের কাতারে অবশ্যই আছে। কোনো ফুটবলার এত বছর ধরে সেরা পর্যায়ে থাকতে পারেনি, এটা অবিশ্বাস্য।'
মেসির সাফল্যের পেছনে যে দীর্ঘ সংগ্রাম ছিল, সেটিও মনে করিয়ে দেন রিকেলমে, 'আর্জেন্টিনার মানুষ তাকে যে ভালোবাসা দিচ্ছে, সে তার সবটুকুই প্রাপ্য। কারণ সে নিজেকে নিংড়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে, শুরুতে জিততে ভীষণ সংগ্রাম করতে হয়েছে। শেষ পর্যন্ত সে সবকিছু অর্জন করেছে। ঈশ্বর তার প্রতি ন্যায়বিচার করেছেন, আর সেটাই দারুণ।'