একটি দল বিভাজন আনার চেষ্টা করছে: মির্জা ফখরুল
দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য রক্ষায় এক জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (রোববার, ৫ এপ্রিল) খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে তিনি সমাজে বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন। সরকার গঠন ও দেশ পরিচালনায় সব সম্প্রদায়ের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি দল বিভাজন আনার চেষ্টা করছে। এ বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। হিংসা বিদ্বেষ তৈরি করে। একটি শব্দ যেটিকে আমরা ঘৃণা করি। এ শব্দটাকে আমাদের সকলের ঘৃণা করা উচিত। মানুষের প্রতি আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব আরও বেশি করে সৃষ্টি করা উচিত।’
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সমাজ সবকিছুকে ধারণ করে। একদিকে ইসলামকে ধারণ করেছে, অন্যদিকে সনাতনী ধর্মকে, অন্যদিকে খ্রিস্ট ধর্ম যারা পালন করেন তারাও আছেন। আর বৌদ্ধ ধর্ম তো একসময় সমগ্র বাংলাদেশ জুড়েই ছিলো। সুতরাং, ধর্মকে বিভাজন করার কোনো সুযোগ নেই।’
এসময় তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের সকলের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছি। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সামনে অনেকগুলো কাজ।’