চাঁদপুরে স্কুলে আগুনে শিক্ষার্থীর মৃত্যু, দায়িত্বে অবহেলায় ৯ শিক্ষকের শাস্তি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১৪ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ময়লার স্তূপে দেওয়া আগুনে দগ্ধ হয়ে শিক্ষার্থী সামিয়া আক্তার মারা যায়। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ ৯ সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন। তিনি জানান, ঘটনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসানকে তিন বছরের জন্য একটি ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) স্থগিত করা হয়েছে।

এ ছাড়া আট সহকারী শিক্ষককে শাস্তিমূলক বদলি এবং এক বছরের জন্য বেতন স্কেলের একটি ধাপ নিচে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত সহকারী শিক্ষকরা হলেন— ফারুক হোসেন, জসিম উদ্দিন, সাহিদা আক্তার, সুমি আক্তার, রোকেয়া আক্তার, কাজী শাকিরীন, ফয়জুন নেছা ও ফাতেমা আক্তার।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ ধরনের দায়িত্বহীনতা এড়াতে জেলার ১১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে। ভবিষ্যতে বিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো ধরনের অবহেলা না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে


উল্লেখ্য, গত ২১ জানুয়ারি বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে ময়লার স্তূপে দপ্তরি সুমন মজুমদার আগুন ধরিয়ে দেন। স্কুল ছুটির পর বড় বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার ওই আগুনে দগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ জানুয়ারি তার মৃত্যু হয়।