রাষ্ট্রপতি হয়ে প্রথম সংসদ অধিবেশন আহ্বান মির্জা ফখরুলের, শুরু ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম সংসদ অধিবেশন আহ্বান করলেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।”
গত ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগের দিন সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।
মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে গত ১১ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ২৭ আগস্ট শুরু হওয়া ওই অধিবেশন চলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে সংসদের নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দেওয়া অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তৃতীয় অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও ছয়টি বিল পাস হয়। এ ছাড়া ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠনের পাশাপাশি একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
ওই অধিবেশনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার জন্য সংসদ সদস্যরা ১৪৪টি প্রশ্ন জমা দেন। এর মধ্যে ১৫টির উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়া ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া হয় ১ হাজার ৬৭৮টির।
এর আগে গত ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ বাজেট অধিবেশন শুরু হয়েছিল। ১৫ জুলাই শেষ হওয়া ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়। ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়, যা ৩০ জুন সংসদে পাস হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। ৩০ এপ্রিল শেষ হওয়া ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ৯৪টি বিল পাস হয়।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদের অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের প্রথম বৈঠকের সময় ও স্থানও নির্ধারণ করেন তিনি। সংবিধান অনুযায়ী, নির্ধারিত বিশেষ পরিস্থিতি ছাড়া সংসদের এক অধিবেশনের শেষ বৈঠক ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না।
সে হিসাবে, তৃতীয় অধিবেশন শেষ হওয়ার ৬০ দিন পর আগামী ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন।