হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশি পেসার হিসেবে প্রথম

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১১ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশি বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি। তৃতীয় দিনের সকালের চিত্রটা খুব দ্রুতই বদলে দিলেন হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিংয়ে কাউন্টি মাতিয়ে আসা হাসান নতুন বল হাত পেয়ে তুলে নিলেন হ্যাটট্রিক।

হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম তো বটেই, টেস্টে এটিই বাংলাদেশের পক্ষে সাকুল্যে তৃতীয় হ্যাটট্রিক। সেখানে হাসানের অর্জনটা অনন্য— আগে হ্যাটট্রিক পাওয়া বাংলাদেশি দুই বোলারই ছিলেন স্পিনার, ফলে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক তুলে নেওয়ার গৌরবটা নিজের করে নিলেন হাসান।

রোববার (১১ অক্টোবর) আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানিস্তানের ইনিংসে এই কীর্তি গড়েন হাসান। তার টানা তিন বলে সাজঘরে ফেরেন ইসমত আলম, কায়েস আহমেদ ও জিয়া-উর-রহমান। প্রথমজন বোল্ড হয়ে সাজঘরে ফিররেও পরের দুজন হাসানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন।

হাসানের হ্যাটট্রিকটা বেশ নাটকীয় ছিল বলা যায়। দলের ৮৩তম ওভারে বল হাতে পেয়েছিলেন তিনি। ইসমত আলম প্রথম দুটি বল ঠেকিয়ে দেন। তৃতীয় বলে আর রেহাই পাননি। হাসানের করা ব্যাক অব লেন্থের বলটি নিচু হয়ে ধেয়ে যায়। ইসমত ব্যাট বাড়ালেও লাভ হয়নি। বল গিয়ে আঘাত করে সোজা অফ স্টাম্পে।

এবারও কায়েস আহমেদকে ব্যাক অব লেন্থেই বল ছুড়ে দেন হাসান। এবারও বল ছিল প্রায় একই ধরনের, লাইনটা ছিল অফ স্টাম্পের সামান্য বাইরে। কায়েস ব্যাট চালাতে গেলেই কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে বল তালুবন্দি করেন লিটন দাস।

হাসানের হ্যাটট্রিক বলটি বলা যায় পারফেক্ট। এবারে একই লেন্থের বল আগের দুই বলের চেয়ে সামান্য একটু লাফিয়ে ওঠে, অফ স্টাম্প থেকে ভেতরের দিকে ঢুকছিল বলটি। জিয়া-উর-রহমান বলটি খেলতে গিয়ে মিস করেন। সামান্য শব্দের পর বলটি তালুবন্দি হয় লিটনের।

হাসানসহ বাংলাদেশি ফিল্ডারদের জোরালো আবেদনে অবশ্য সাড়া দেননি আম্পায়ার। তবে নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন। রিভিউয়ে দেখা যায়, বলটি ব্যাটে না লেগে প্যাডে লেগে তারপর গিয়ে জমা হয় লিটনের হাতে। এবার বল ট্র্যাকিং দেখায়, অফ স্টাম্পে ইমপ্যাক্ট ফেলা বলটির গতিপথ একে স্টাম্পে নিয়েই আছড়ে ফেলত।

রিভিউ দেখে থার্ড আম্পায় সিদ্ধান্ত পালটাতে বলেন মাঠের আম্পায়ারকে। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত বদলে সিগন্যাল দেন আউটের। বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন হাসান।

এর আগের ওভারেই এবাদত হোসেন তুলে নেন ইকরাম আলিখিলের উইকেট। দুই পেসারের তোপে ৪ উইকেটে ২১১ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তান ২২০ রানেই ৮ উইকেট হারিয়ে এখন অলআউটের অপেক্ষায়। অবশ্য আফগানদের মিডল অর্ডারের স্তম্ভ রহমত শাহ এখনো ১৯১ বলে ৮৬ রানে অপরাজিত। তিনি একা কতটা দলকে টেনে নিয়ে যেতে পারবেন শেষ দুই উইকেটে, সেটিই দেখার বিষয়।