আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে কাজ হবে না: শামসুজ্জামান দুদু

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:১১ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬


নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও কবিতা পাঠ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, যে দেশের কবি, সাহিত্যিক ও লেখকেরা অন্যায়ের প্রতিবাদে রাজপথে নেমে আসেন, সেখানে ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারে না। দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে লেখক সমাজ আজ প্রতিবাদে শামিল হয়েছেন। ফলে পার্শ্ববর্তী দেশ কিংবা আওয়ামী লীগ যত ষড়যন্ত্রই করুক, তাতে কোনো কাজ হবে না।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এবং দেশের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। বিশ্ববাসী এই নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য হিসেবে দেখেছে। বর্তমান প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালাচ্ছে। অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সম্মিলিতভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে দাঁড়াতে হবে।

শামসুজ্জামান দুদু আরও বলেন, বাংলাদেশকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হলে দেশটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ওই সময়ে হত্যাকাণ্ডের পাশাপাশি দেশের সম্পদ ও অর্থ বিদেশে পাচার করা হয়েছে। যারা অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিএফইউজের মহাসচিব ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী বলেন, বাংলাদেশকে আর কোনো দেশের কররাজ্য হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। অন্যের ইন্ধনে এ দেশের শান্তি ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করা হবে। বাংলাদেশি জাতীয়তাবাদকে শান্তি ও সমৃদ্ধির পথ উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া গঠনমূলক ও ইতিবাচক রাজনীতি সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি, শিক্ষাবিদ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

শাহীন রেজা বলেন, কবি ও লেখকেরা আজ দেশের স্বার্থে রাজপথে নেমেছেন। ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন কবি সৈয়দ রনো ও কবি সাজেদা হেলেন। এ সময় কবিতা পাঠ, প্রতিবাদী সংগীত পরিবেশন ও বক্তব্য দেন জামাল উদ্দিন জামাল, ফেরদৌস সালাম, এবিএম সোহেল রশিদ, শাহিন রিজভী, হাসান কামরুল, হুমায়ুন কবির সিকদার, জেসমিন দিপা, রাজু আহমেদ, সৈয়দ জাহিদ মাহমুদ, জাবেদ পাটোয়ারীসহ বিভিন্ন কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।