প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ, হয়রানি বন্ধের দাবি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১১ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬

পুলিশি ‘হয়রানি’ ও ডাম্পিং বন্ধসহ রাজধানীর সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কয়েক হাজার চালক সড়কের দুই পাশ আটকে দিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ১০টার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন।

অবরোধে অংশ নেওয়া চালকরা অভিযোগ করেন, সড়কে অটোরিকশা আটকে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এবং দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। দরিদ্র চালকদের পক্ষে এত টাকা জরিমানা দিয়ে ডাম্পিং থেকে গাড়ি ছাড়িয়ে আনা কঠিন বলেও জানান তারা। একই সঙ্গে অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

বক্তারা বলেন, রাজধানীর সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ দিতে হবে। পুলিশি হয়রানি ও ডাম্পিং বন্ধ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বেলা সাড়ে ১২টার দিকে চালকরা সড়ক ছেড়ে মিছিল নিয়ে পল্টনের দিকে চলে যান। এতে প্রায় এক ঘণ্টা পর প্রেস ক্লাব এলাকার যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কয়েক হাজার অটোরিকশা চালক বিভিন্ন দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছিলেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে চলে যান।