অর্ধশত যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুই স্কোয়াড্রন এফ–৩৫ আই এবং এফ–১৫ আইএ যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েল। উভয় ধরনের বিমান আনুমানিক ২৫টি করে মোট ৫০টি কেনা হতে পারে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চুক্তি বাস্তবায়নে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের 'লকহিড মার্টিন' এবং 'বোয়িং'। পুরো প্রকল্পটির আর্থিক পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ইরানে হামলা পরিচালনায় যুদ্ধবিমান ব্যবহারে বেগ পেতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশেরই। উল্লেখজনক সংখ্যার এফ-৩৫, সি-১৩০ যুদ্ধবিমান সহ উদ্ধারকারী ব্ল্যাক হক হেলিকপ্টারও ভূপাতিত করেছে ইরান। যা যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক ঘটনা হিসেবে আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তোলে।
বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে আসায় ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারির মধ্যেই দু'পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবেই বিলিয়ন ডলারের চুক্তিতে যুদ্ধবিমান কিনছে ইসরায়েল।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েল তার বিমানবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে এই পদক্ষেপ নিয়েছে। উন্নত প্রযুক্তির এসব যুদ্ধবিমান ভবিষ্যৎ সংঘাতে কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা