৮ অঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড়, নদীবন্দরে সংকেত
গত কয়েকদিন ধরেই কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যাচ্ছে দেশ জুড়ে। সঙ্গে রয়েছে বৃষ্টি আর বজ্রের আঘাতও। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, একই প্রবণতা অব্যাহত থাকছে আজ সোমবারও। দুপুরের মধ্যেই দেশের আটটি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে।
সোমবার (৪ মে) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরকে সতর্কসংকেতও দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দুপুরের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই আট অঞ্চলে যেসব নদীবন্দর রয়েছে, সেগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রাজধানীবাসীর জন্যও ভিন্ন কোনো বার্তা নেই। সোমবার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ দুপুর ১টা পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসকে সত্য প্রমাণ করে সকাল থেকেই ঢাকার আকাশে দেখা যাচ্ছে কালো মেঘ। সকালে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখাও মিলেছে। অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।