নাটক বলে শুটিং, এখন সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’!

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, ০৪ মে ২০২৬ | আপডেট: ৩:৫৯ অপরাহ্ন, ০৪ মে ২০২৬

সিনেমা নেই দীর্ঘদিন হলো। দীর্ঘ বিরতির পর তাই যখন ঘোষণা এলো— ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বড়পর্দায় ফিরছেন মৌসুমী— ভক্ত-অনুরাগীরা খানিকটা নড়েচড়েই বসেছিলেন। তবে সিনেমা মুক্তির দুই সপ্তাহও যখন বাকি নেই, তখনই প্রশ্ন উঠেছে এই সিনেমা নিয়ে। খোদ চিত্রনায়িকাই এই সিনেমার নির্মাতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রতারণার!

মৌসুমীর অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে ‘কন্ট্রাক্ট ম্যারেজে’ কাজ করতে রাজি হন তিনি। তবে তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক, তিনি সেভাবেই শুটিং করেছেন। পরে একে টেলিফিল্ম হিসেবে মুক্তি দেওয়ার কথাও জানিয়েছিলেন নির্মাতা। এখন এসে মৌসুমী জানতে পারছেন, এটি রীতিমতো সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।

রোববার (৩ মে) সন্ধ্যার দিকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতেই তিনি হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে প্রতারণার অভিযোগ তোলেন। আর সেই ভিডিওতেই তিনি মৌসুমীর একটি ভয়েস রেকর্ডও শোনান, যেখানে মৌসুমীও একই অভিযোগ করেছেন।

ওমর সানী ওই ভিডিওতে বলেন, হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটকের শুটিং হয়েছিল সুদূর আমেরিকায়। অনেক রিকোয়েস্টের পর সেখানে আমার স্ত্রী এবং আপনাদের সবার প্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন। যে কারণেই হোক, সেটি একটি টেলিফিল্মে রূপান্তরিত হয়েছিল।

ওমর সানী বলেন, এতদিন পরে এখন এসে দেখছি, হাসান জাহাঙ্গীর প্রযোজক-পরিচালক হিসেবে সেন্সর বোর্ড থেকে এর অনুমোদন নিয়েছেন সিনেমা হিসেবে। কীভাবে এটি ছবি হয়! এটি চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে পারে না। মৌসুমীকে এভাবে মানুষ দেখতে অভ্যস্ত নয়।

এটি সিনেমা হিসেবে শুটিং করার জন্য মৌসুমীর সঙ্গে কোনো ধরনের চুক্তি হয়নি বলেও জানান ওমর সানী। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা হিসেবে মুক্তি না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটি বন্ধের অনুরোধ জানাচ্ছি।


ওই ভিডিওতেই মৌসুমীর ভয়েস ওভার শোনান ওমর সানী। মৌসুমী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ একটা এক ঘণ্টার নাটক ছিল, আমেরিকায় এর শুটিং হয়। আমি যেহেতু এখানেই আছি, তাই হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর কাজটি করতে রাজি হই। দুই দিন শুটিং করার পর সে জানায় আরেক দিন শুটিং করতে হবে, সেটাও করে দিই।

মৌসুমীর ভাষ্য, ফুটেজ কিছুটা বেশি হয়েছে বলে একে টেলিফিল্ম হিসেবে মুক্তি দিতে চান বলে হাসান জাহাঙ্গীর জানান তাকে। সে কারণে আরও একদিন শুটিং করতে অনুরোধ করেন। পারিশ্রমিকের বিনিময়ে বাড়তি সেই শুটিংও করে দিতে রাজি হন মৌসুমী।

অনেক দিন পর হঠাৎ করেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে বলে জানান মৌসুমী। তিনি বলেন, অনেক দিন পর হঠাৎ করে জানতে পেলাম, এটি ছবি হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। সেন্সর বোর্ডই বা কীভাবে এটাকে সিনেমা হিসেবে ছাড়পত্র দিলো? ডাবিং নেই, প্রয়োজনীয় কোনো প্রস্তুতিই নেই, এটি কীভাবে সিনেমা হয়? আমার দর্শকরাও আমাকে এভাবে দেখতে প্রস্তুত নয়।

মৌসুমী আরও বলেন, এটা কীভাবে হয়? যেখানে আমি কিছুই জানি না, সেখানে আমাকে কাটপিসের মতো ব্যবহার করা হচ্ছে। খুবই দুঃখজনক। এটা মোটেও উচিত হয়নি। আমি আশা করব, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি বিষয়টি বিবেচনা করবে।

মৌসুমীর ভয়েস ওভার শেষে হাসান জাহাঙ্গীরের প্রতি ওমর সানী আহ্বান জানান, তিনি চাইলে ওমর সানী বা মৌসুমীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে হাসান জাহাঙ্গীরের মধ্যে এমন কোনো আগ্রহ দেখতে পাননি জানিয়ে সানী বলেন, তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন। এরই মধ্যে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতিতে চিঠিও দিয়েছেন।

নির্মাতা হাসান জাহাঙ্গীর এর আগে গণমাধ্যমকে জানান, বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র মাধ্যমে দ্বিতীয় বিয়ে ও সেই বিয়ে ঘিরে নানা জটিলতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। এর ৮০ শতাংশ শুটিংই করা হয়েছে যুক্তরাষ্ট্রে।

হাসান জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন চিত্রনায়িকা মৌসুমী। এ গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু একটু করে সংসার সাজান, সেই সংগ্রামের পেছনের গল্প নিয়েই সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা।

সব প্রস্তুতি শেষ করে সেন্সর বোর্ডের অনুমতি নিয়ে আগামী ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার প্রধান নায়িকা নিজের মুখে নাটকের কথা বলে শুটিং করিয়ে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার অভিযোগ তোলার পর অবশ্য এর মুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। মৌসুমীর অভিযোগ নিয়ে হাসান জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।