আদালত থেকে পালিয়ে যাওয়ায় মামলা: ফের পালালেন সেই শরিফুল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬

আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলার আসামি মো. শরিফুল ইসলাম ফের পালিয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো আদালত থেকে পালালেন শরিফুল ইসলাম। তার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামে; বাবার নাম শফিক আহম্মেদ।

ডিএমপির প্রসিকিউশন পুলিশের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘কোতোয়ালি থানার মামলায় হাজতি আসামি (শরিফুল) কৌশলে আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।’

এর আগে ২০২৫ সালের ১৯ জুন খিলগাঁও থানায় করা কিশোর জিসান হোসেন হত্যা মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শরিফুলকে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

ওই ঘটনায় সেদিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী না আসায় এ দিন মামলাটির সাক্ষ্যগ্রহণ হয়নি। এরপর ডিএমপির প্রসিকিউশনে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল।