শততম টেস্ট খেলার বিরল কীর্তি গড়ছেন মুশফিক

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে মাঠে নেমে ইতিহাস গড়ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করছেন তিনি।

২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়ার পর ৯৯ টেস্টে ৬ হাজার ৩৫১ রান করা মুশফিকের এই বিশেষ উপলক্ষকে জয় দিয়ে রাঙিয়ে রাখতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বাংলাদেশের কেউ এর আগে শততম টেস্টই খেলেননি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সে চূড়ায় উঠে যাবেন মুশফিকুর রহিম। উপলক্ষটা উদ্‌যাপন করতে ম্যাচের আগে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা হয়।

তার এই মাইলফলক ম্যাচে টস জিতে স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

২০ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে খেলাটার প্রতি যে শ্রম, আত্মনিবেদন আর সততা দেখিয়েছেন; সেসবেরই পুরস্কার ১০০ টেস্ট খেলতে পারা। এই টেস্টকে পারফরম্যান্সের রঙে রাঙিয়ে দেওয়ার একটা বাসনা তো থাকতেই পারে তার মনের কোণে।

বয়স ৩৮ হয়ে যাওয়ায় শততম টেস্টের উপলক্ষে একটা প্রশ্ন অবশ্য প্রাসঙ্গিক হয়েই যায়—ওয়ানডে আর টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলা মুশফিককে সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে আর কত দিন? কিন্তু বয়স তো কেবলই একটা সংখ্যা, পারফরম্যান্সই আসল। মাত্র চার ইনিংস আগে গলে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে সেটাই জানিয়ে দিয়েছেন মুশফিক। তাঁর ক্ষেত্রে ওই প্রশ্নটা তাই শততম টেস্টের উপলক্ষেও অপ্রাসঙ্গিক হয়ে যায়।

বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সও বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে মুশিকে বলেছিলাম—এখন তুমি যা করছ, সেটা উপভোগ করো। প্রতিটি দিন, প্রতিটি টেস্ট উপভোগ করো। কারণ, যত দিন তুমি পারফর্ম করবে, তত দিন তুমি নিজেই নির্ধারণ করবে কত দিন খেলবে। পারফরম্যান্সটাই সবচেয়ে জরুরি।’

সিমন্সের দৃষ্টিতে খেলার প্রতি আত্মনিবেদন আর পেশাদারত্বই আজ এই জায়গায় নিয়ে এসেছে মুশফিককে, ‘আসল রহস্য হলো পেশাদারত্ব। আপনি নিজেকে কীভাবে পরিচালনা করেন, কীভাবে নিজের দক্ষতা উন্নত করেন এবং কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে কাজ করেন। যদি আপনি তার ক্যারিয়ারের দিকে তাকান, সে আন্তর্জাতিক ক্রিকেটে সফল, আর এটাই তাকে এত দিন ধরে খেলিয়ে যাচ্ছে।’