উত্তর–পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৬
নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অব্যাহত ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। 

নদ-নদীর পানি দ্রুত বাড়তে থাকায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

সংস্থাটির বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে সুনামগঞ্জের মারকুলি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কুশিয়ারা ও সুরমা নদীসংলগ্ন সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এ ছাড়া সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সাতটি জেলা বন্যাকবলিত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও আটটি জেলা বন্যার ঝুঁকিতে পড়তে পারে। হবিগঞ্জ ও মৌলভীবাজারে ইতোমধ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জকে উচ্চ ঝুঁকিতে থাকা জেলার তালিকায় রাখা হয়েছে।