সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
দেশের প্রতিটি জেলায় আধুনিক ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, গুরুতর রোগীদের জীবন বাঁচাতে দক্ষ জনবল, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে দেশের স্বাস্থ্যখাতের নানা চ্যালেঞ্জ এবং সম্ভাবনা উঠে আসে।
সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, শুধু বাজেট বাড়ালেই স্বাস্থ্যসেবার মান উন্নত হবে না। চিকিৎসকদের দায়িত্বশীলতা, জবাবদিহি এবং আন্তরিক সেবার মানসিকতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, "চিকিৎসকরা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্যখাতে হাজার কোটি টাকা ব্যয় করলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।"
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে রেকর্ড বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে তিনি চিকিৎসাসেবাকে রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়ে সমানভাবে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, দেশে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার চাহিদা দ্রুত বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সব জেলায় মানসম্মত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দেশে চিকিৎসায় অবহেলা ও অপচিকিৎসার অভিযোগ প্রায়ই জনমনে উদ্বেগ সৃষ্টি করে। সম্প্রতি একটি হাসপাতালে কয়েকজন নবজাতকের মৃত্যুর ঘটনাও স্বাস্থ্যসেবার মান ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে সম্মেলনে চিকিৎসকদের দায়িত্বশীলতা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
সম্মেলনে বক্তারা বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি চিকিৎসকদের পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা এবং আন্তরিক সেবাই দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।