টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, তিনজনকে কুপিয়ে গুরুতর আহতের অভিযোগ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৬:২৭ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬



আনোয়ার হোসেন,টেকনাফ:


কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচার পার্ক এলাকায় তিনজনকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলার জন্য স্থানীয়দের অভিযোগের তীর চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীদের দিকে।


রবিবার (৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে ন্যাচার পার্কে সেনাবাহিনীর ক্যাম্পের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন—স্থানীয় নুর মোহাম্মদের ছেলে মো. জাকারিয়া (৪২), কবির আহমদের ছেলে মো. ইউনুছ (৩২) এবং নুর মোহাম্মদের ছেলে মো. জাবের (৩৪)।


স্থানীয় সূত্রে জানা যায়, ধারালো দা ও কিরিচসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজনকে অপহরণের চেষ্টা করা হলে তারা বাধা দেন। এতে হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।


খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত জাদিমুড়া টিটিএস হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


আহতদের পরিবারের দাবি, চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণের উদ্দেশ্যে এ হামলা চালায়। অপহরণে ব্যর্থ হয়ে তারা তিনজনকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।


তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।