হজে আরও দুই বাংলাদেশির মৃত্যু, এখন পর্যন্ত মৃত ৪১

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ১১:২২ অপরাহ্ন, ০১ জুন ২০২৬

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। গতকাল রোববার তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর হজ পালনকালে মৃত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া দুই হাজি হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। এর মধ্যে নওগাঁর বাসিন্দা আবদুল মজিদ মদিনায় এবং ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা শাহজাহান আলী মক্কায় মারা যান।


হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য বলছে, এ বছর সৌদি আরবে মারা যাওয়া ৪১ বাংলাদেশি হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

এদিকে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।


ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালন করতে সৌদি আরব গেছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেন।

অন্যদিকে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের জন্য দেশটিতে সমবেত হন।