জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
আজ ১৮ মে (সোমবার) সকাল ১০:৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর বাংলাদেশ প্রতিনিধি দলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর ড. আবদুল আলিম, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।
বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলসমূহের সক্রিয় ভূমিকা পালন, বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়। ভবিষ্যতেও দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা জোরদারে জামায়াতে ইসলামী গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ ভবিষ্যতে তাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বৈঠকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন।