সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেন।

হাইকোর্ট ইতিপূর্বে বিচারপতি খায়রুল হককে জুলাই আন্দোলনের হত্যা মামলা, রায় জালিয়াতি এবং দুদকের মামলায় জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিতের আবেদন করলেও আপিল বিভাগ তা গ্রহণ করেননি। আদালতে বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, জামিন বহাল থাকলেও এখনই মুক্তি পাচ্ছেন না সাবেক এই প্রধান বিচারপতি। কারণ, নিম্ন আদালতে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হক গ্রেফতার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

জানা গেছে, বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা; শাহবাগ, নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায় জালিয়াতি এবং রাজউকের প্লট কেনায় দুর্নীতির অভিযোগে দুদকের মামলা রয়েছে।