রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই: তাহের
বর্তমান রাষ্ট্রপতিকে 'ফ্যাসিস্টের দোসর' আখ্যা দিয়ে জাতীয় সংসদে তার বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।
তাহের বলেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই৷ কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা বোধগম্য নয়।
সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি বলেন, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের বৈঠক করে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু কী হবে, তা নিয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনো নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।
আগামী ১২ মার্চ দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আইনি জটিলতায় কারাগারে রয়েছেন।