প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১৬ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৩ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এসময় তিনি কোনো বিশেষ প্রোটোকল বা পতাকাযুক্ত গাড়ি ছাড়াই গুলশানের নিজ বাসভবন থেকে রওনা হয়ে নির্ধারিত সময়ে দপ্তরে প্রবেশ করেন।

কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।

এর আগে গত বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কাজে গতিশীলতা আনতে ছুটির দিনেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

সরকারি কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনতে তারেক রহমানের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।