প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, টারমাকে ফেরানো হয় বিমান

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬


নিজস্ব প্রতিবেদক

জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। এতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যাত্রীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে জানান, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বিলম্ব হচ্ছে।

পাইলট জানান, ত্রুটি শনাক্ত ও সমাধানে দুজন প্রকৌশলী কাজ করছেন। কারিগরি সমস্যা মেরামত সম্পন্ন হলে ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করবে। পরে বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা ওই বিমানে রয়েছেন।

এর আগে গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

সফরে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।