২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

এহসানুল হক মিলন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য দক্ষতা ও সৃজনশীলতার বিকাশের সুযোগ দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যেই ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষাক্রমে পরিবর্তন ও পরিমার্জন আনা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় পাঠ্যক্রমে আরও নতুন বই যুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে প্রতিবেশী ও আশপাশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো তুলনামূলকভাবে কম।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জ্বালানি তেলে বেশি ভর্তুকি দিয়ে দাম সহনীয় রাখার চেষ্টা করছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মাহদী আমিনের ভাষ্য, বর্তমান সংকট কোনো একক দেশের নয়, এটি বৈশ্বিক সংকট। জনগণের ওপর চাপ যাতে কম পড়ে, তা বিবেচনায় রেখে যৌক্তিক উপায়ে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।