আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের পথ খোলা : জাহেদ উর রহমান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০১ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬


আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা ‘রিকনসিলিয়েশন’ অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এ প্রক্রিয়া এগিয়ে নিতে হলে আওয়ামী লীগকেই প্রথমে নিজেদের রাজনৈতিক দায় স্বীকার করে উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের প্রতি সমর্থন রয়েছে—এমন অনেক মানুষ এখনো দেশে আছেন। তারা বাংলাদেশের নাগরিক এবং তাদের সঙ্গে রাজনৈতিকভাবে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া ইতিবাচক হতে পারে। তবে সেই উদ্যোগের আগে রিকনসিলিয়েশনের মৌলিক ভিত্তি ও শর্তগুলো স্পষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষ যদি আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নিতে চায় এবং বিষয়টিকে ইতিবাচক মনে করে, তাহলে সেটি নিয়ে আলোচনা হতে পারে। তবে তার আগে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে পুনর্মিলনের প্রাথমিক ভিত্তি কী হবে, তা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘মাঝখান থেকে কেউ যদি রিকনসিলিয়েশন চান এবং মনে করেন এটি ভালো উদ্যোগ, তাহলে আমারও মনে হয় এটি ভালো। তাঁদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটি হলে এ নিয়ে আলোচনা হতে পারে।’

তিনি আরও বলেন, শুধু আলোচনা শুরু করলেই রাজনৈতিক পুনর্মিলনের প্রক্রিয়া সফল হবে না। এর জন্য প্রয়োজন পারস্পরিক অবস্থান পরিষ্কার করা এবং অতীতের দায়-দায়িত্বের বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করা।

জাহেদ উর রহমানের মতে, পুনর্মিলনের পথ তৈরি করতে আওয়ামী লীগকে আগে নিজেদের দায় স্বীকার করে এগিয়ে আসতে হবে। দলটি সেই অবস্থান থেকে উদ্যোগ নিলে ভবিষ্যতে রাজনৈতিক পুনর্মিলন নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হতে পারে।