ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল— ককটেল বিস্ফোরণ, আটক ৩
রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি বাটার বিক্রয়কেন্দ্রের সামনে গিয়ে তা শেষ হয়। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
মিছিলকারীদের হাতে ছিল ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’ লেখা একটি ব্যানার। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের নেতৃত্বে এ ঝটিকা মিছিল বের করা হয়।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম আগামীর সময়কে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।
এদিকে, মিছিল ও হাতবোমা বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় আরও একজনকে আটকের কথা জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে প্রকাশ্যে দলটির কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। তবে দলটির সমর্থকেরা বিচ্ছিন্নভাবে মিছিল বের করার চেষ্টা চালিয়ে আসছেন। এসব কর্মসূচি থেকে পুলিশ বিভিন্ন সময়ে ব্যক্তিদের আটকও করছে।