চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। তবে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে তাঁর মেয়র পদের মেয়াদ কবে শেষ হয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৪ অনুযায়ী নতুন করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী সম্মানী ভাতা পাবেন।
আইন অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ পরিষদের পাঁচ বছর মেয়াদ গত ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি নির্বাচনের পর ওই বছরের ২৩ ফেব্রুয়ারি পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার আইন অনুযায়ী, প্রথম সভার দিন থেকে পরিষদের পাঁচ বছর মেয়াদ গণনা করা হয়।
পরিষদের মেয়াদ শেষ হলেও ডা. শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২১ সালের নির্বাচনে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে রেজাউল করিমসহ বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে।
এরপর ২০২১ সালের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে করা মামলার রায়ে ২০২৪ সালের ৩ নভেম্বর মেয়রের দায়িত্ব নেন ডা. শাহাদাত হোসেন। তাঁর দাবি ছিল, দায়িত্ব গ্রহণের তারিখ অনুযায়ী ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন আইনের ৩৪ ধারা অনুযায়ী, কোনো করপোরেশন বিলুপ্ত হলে ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় চসিকের নির্বাচনও অনুষ্ঠিত হয়নি।
এ পরিস্থিতিতে সরকার সংশোধিত আইনের ২৫ক ধারা প্রয়োগ করে বিশেষ পরিস্থিতিতে মেয়র শাহাদাত হোসেনকেই চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।