পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩৮ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন। তবে পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপটিতে দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাতায়াত করতে পারবেন।

রবিবার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এতে বলা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিনে যাওয়া-আসা করতে পারবেন। তবে দ্বীপটিতে পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন তিন হাজার ৫০০ জনের বেশি হতে পারবে না।

সেইসঙ্গে, সেন্টমার্টিনে পর্যটকদের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি আদায় করা হবে। এ বিষয়ে পরিবেশ অধিদফতর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি-২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদফতর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। আর দুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

পর্যটক যাতায়াত-সংক্রান্ত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর, কক্সবাজারের জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।