ওয়েবসাইটে সাইবার হামলার খবর অসত্য: জনতা ব্যাংক কর্তৃপক্ষ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩৭ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬

জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার খবরকে অসত্য দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ছুটির দিনগুলোতে ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছিল বলে জানিয়েছে তারা।

রোববার (২৫ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণে এ কথা জানায় জনতা ব্যাংক পিএলসি।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের সংবাদকে অসত্য উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তা আসে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলো বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।