মাদক-সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর
নকল দূরীকরণের সফল অভিযানের মতো এবার মাদক, সন্ত্রাস-কিশোর গ্যাং ও ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকতে পারে না বলে জানান এহছানুল হক মিলন। বলেন, ‘যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও শুরু করা হবে।’
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে এবং আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র। শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’
এর আগে উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর তিনি কচুয়ার বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।