জার্মানির কাছে ৫ গোলের হার, হতভম্ব নেদারল্যান্ডস কোচ জাভি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৭ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

কয়েক দিন আগেই গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল নেদারল্যান্ডস। অথচ গতকাল বার্লিনে জার্মানির বিপক্ষে পাঁচ গোল হজম করে বড় ব্যবধানে হেরেছে দলটি। তিন জয় ও দুই ড্র নিয়ে ম্যাচটি খেলতে নেমেছিল জাভি হার্নান্দেজের দল। পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর নেদারল্যান্ডসের ডাগআউটে প্রথম হারের স্বাদ পেলেন স্প্যানিশ এই কোচ।

জার্মানির কাছে এমন হারের পর হতভম্ব জাভি। এত বড় ব্যবধানে হারতে হবে, তা কখনো কল্পনাও করেননি তিনি। ম্যাচ শেষে নিজের হতাশা প্রকাশ করে জাভি বলেন, ‘আমি গভীরভাবে মর্মাহত। এটা দুঃখজনক। কারণ আজ পর্যন্ত আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত ছিলাম। আজ যা ঘটল, সেটা অবিশ্বাস্য। কোচ হিসেবে এটা আমাকে হতবাক করেছে।’

খেলোয়াড়দের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে জাভি বলেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলাম। তাদের বলেছিল যে আমাদের মানসিকতা পাল্টাতে হবে। আজ আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, কারণ আমরা আমাদের মূল্যবোধের প্রতি অবিচল ছিলাম না। আমরা এটা মানতে পারি না।’ তাঁর মতে, দলের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি।

ভার্জিল ফন ডাইক ও ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের অনুপস্থিতিকে হারের কারণ হিসেবে দেখছেন না নেদারল্যান্ডস কোচ। জাভি বলেন, ‘যা হয়েছে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আজকের পর আমাদের অনেক বিষয় পরিবর্তন করতে হবে। আমরা এমন খেলোয়াড়কে চাই যারা মানসিকভাবে উজ্জীবিত। আজকের ঘটনা ছিল লজ্জাজনক। তবে জার্মানিকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। কারণ তাদের পারফরম্যান্সের যে মান, সেই কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে।’