শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন যৌক্তিক: জোনায়েদ সাকি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫০ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেছেন, শ্রমিকদের অবশ্যই আন্দোলন করতে হবে। তবে সেই আন্দোলনের লক্ষ্য হতে হবে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মজুরি বৃদ্ধি এবং কলকারখানার উন্নয়ন ও বিকাশ নিশ্চিত করা।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিস্ট শক্তি নানা উপায়ে শ্রমিকদের আন্দোলনে প্রবেশ করে তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ বিষয়ে শ্রমিকদের সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কোনো অপশক্তি যেন শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে প্রভাবিত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। শ্রমিক আন্দোলন যেন শ্রমিকদের নিজেদের আন্দোলন হিসেবেই থাকে। গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশে প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকারও সেই বিধান গ্রহণ করেছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বাজারদর, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বিবেচনার পাশাপাশি কলকারখানার উন্নয়ন ও বিকাশ নিশ্চিত করাও জরুরি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাইদুর রহমান সাইদ সোহরাব এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

এর আগে বিএনপির নেতাকর্মীরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মওলানা ভাসানীকে। এ সময় ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।