যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মাজিদ খাদেমি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ নিয়ে এখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।


আইআরজিসির ঘনিষ্ঠ ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ এপ্রিল) ইরানের বিপ্লবী সামরিক বাহিনীটি এ বিষয়ে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি স্বদেশের প্রতি আন্তরিক ও সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ, স্থায়ী ও শিক্ষণীয় অবদান রেখে গেছেন।

২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের মধ্যে ইসরায়েলি হামলায় নিহত হন আইআরজিসির আগের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি। ওই সময় তার স্থলাভিক্তি হন মেজর জেনারেল খাদেমি। গত ফেব্রুয়ারিতে এবারের যুদ্ধ শুরুর আগেই তিনি অভিযোগ করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর একটি মঞ্চ প্রস্তুত করছে।

আইআরজিসি বলছে, মাজিদ খাদেমির প্রচেষ্টা, বিশেষ করে কৌশলগত পর্যায়ে বিদেশি শত্রুদের মোকাবিলা এবং তাদের অনুপ্রবেশ ও অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে পরিচালিত কূটচাল ও শয়তানি ষড়যন্ত্র প্রতিহত করার ক্ষেত্রে তার অবদান দেশের গোয়েন্দা সম্প্রদায়ের জন্য বহু বছর ধরে পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে।

মেজর জেনারেল খাদেমির মৃত্যুর মাধ্যমে এবারের যুদ্ধে ইরানের শীর্ষ নেতাদের হারানোর তালিকায় আরও একটি নাম যোগ হলো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা করলে এ যুদ্ধ শুরু হয়। হামলার প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

পরবর্তী সময়ে জাতীয় সুপ্রিম নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি, আধাসামরিক বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি, গোয়েন্দাবিষয়ক মন্ত্রী এসমায়েলি খতিব, ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসাভি, আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ আরও অনেকেই নিহত হয়েছেন।