শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার মতে, একজন পলাতক আসামির জন্য অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা বিশ্বে বিরল। এ ধরনের দাবি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমিনুল ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, এটা তার উন্মাদনা ছাড়া আর কিছু না। কারণ, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।’


ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন, এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তো তারা কিছু করছেন না। অন্য দেশে তৎপরতা দেখা যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে।’ এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা নিজেদের অবস্থানই প্রকাশ করছেন বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, এই দলের সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি–এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে।’

দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে। তিনি বলেন, ‘তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করছেন যে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন–তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে।’


সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে চিফ প্রসিকিউটর জানান, এ বিষয়ে একটি অভিযোগ রয়েছে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে দলটির বিচারের আবেদন করা হয়েছে। বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে সময়মতো জানানো হবে বলে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, ‘একটা অভিযোগ আছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা বিচার চেয়েছেন। তদন্ত চলমান। সময়মতো অবহিত করা হবে।’