এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশালে
এবারের এইচএসসি পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৬১ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে পাসের হারে সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড। সেখানে পাস করেছেন ৪৪ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গত ২২ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা ছাড়া অন্য বোর্ডগুলোর পাসের হারও তুলনামূলক কম। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে মাদরাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ দুই বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।