বগুড়ায় ঘর থেকে কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির বিছানা থেকে টুলু মিয়া (৫৫) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের প্রাথমিক ধারণা, ধারালো বটি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করেছেন টুলু মিয়া। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৪০ দিন আগে জীবিকার প্রয়োজনে সৌদি আরব যান টুলু মিয়ার স্ত্রী। তার দুই মেয়ে জেমি ও জুথি বিবাহিত। এ কারণে তিনি বাড়িতে একাই থাকতেন।
গত কয়েক দিন ধরে পেটের তীব্র ব্যথায় অসুস্থ ছিলেন টুলু মিয়া। বাবার দেখাশোনার জন্য ছোট মেয়ে জুথি আক্তার তার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল শুক্রবার তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে বাড়িতেই তাকে স্যালাইন দেওয়া হয়েছিল।
জুথি আক্তার জানান, আজ সকাল ৮টার দিকে তার বাবা পানি পান করতে চান। পানি নিয়ে ঘরে ঢুকে তিনি বাবাকে বিছানায় বসে থাকতে দেখেন। পাশে পড়ে ছিল রক্তমাখা একটি বটি। এ সময় তার বাবা নিজেই গলা কেটেছেন বলে জানান। পরে জুথি তাকে গ্লাসে পানি পান করান। কিছুক্ষণের মধ্যেই টুলু মিয়ার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে নিহতের মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আলামত ও পরিস্থিতি বিবেচনায় ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।