কিশোরগঞ্জের হাওরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি নৌ ডাকাতি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৬

কিশোরগঞ্জের ইটনা ও করিমগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি চলন্ত নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ও ইঞ্জিনের সরঞ্জামসহ মালপত্র লুটে নেয় ডাকাতেরা।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন বগাডুবি খালের কাছে একটি নৌকায় ডাকাতি হয়।

ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের নৌকার গতিরোধ করে এবং নগদ টাকাসহ সব মালামাল লুট করে নিয়ে যায়।

নদীতে পাহারার দায়িত্বে থাকা ফুল মিয়া জানান, বগাডুবি খালের দিক থেকে নৌকার চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান এবং ভুক্তভোগীদের আতঙ্কিত অবস্থায় উদ্ধার করে বর্শিকুড়া বাজারে নিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দা রুমেল মিয়া জানান, ঘটনার পর বাজার থেকে কয়েকটি নৌকা নিয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে ডাকাত দল এলংজুরী ইউনিয়নের দিকে পালিয়ে যায়।

এর আগে গত মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে করিমগঞ্জ থানাধীন নওগা স্লুইস গেটের কাছে বালিখলা থেকে মিঠামইনগামী একটি শিশুর লাশবাহী ট্রলারেও ডাকাতির ঘটনা ঘটে। হাওরে পর পর এমন ডাকাতির ঘটনায় নৌকার মাঝী ও সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, সর্বশেষ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।