এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন পদে নাসীর-হাসনাত-সারজিস-আসিফ

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬

জাতীয় সম্মেলন ছাড়াই শীর্ষস্থানীয় কয়েকটি পদে পরিবর্তন এনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে চব্বিশের অভ্যুত্থানের ছাত্রনেতাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটি থেকে মুখ্য সমন্বয়ক ও মুখ্য সংগঠকের পদ বিলুপ্ত করে এসব পদে থাকা নেতাদের অন্য পদ দেওয়া হয়েছে। তবে শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন আসেনি।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে এনসিপির ফেসবুক পেজে এক পোস্টে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়েছে। তবে কমিটির সদস্যদের তালিকা ছাড়া পোস্টে আর কিছু উল্লেখ করা হয়নি।

নতুন কমিটিতেও আগের মতোই আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন পুনর্বহাল রয়েছেন। এর পরের পদগুলোতে এসেছে কিছু পরিবর্তন।


আগে মুখ্য সমন্বয়ক পদে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন ছিলেন হাসনাত আবদুল্লাহ। তাদের দুজনকে পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

আগের কমিটিতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ছিলেন সারজিস আলম। অন্যদিকে এনসিপির মুখপাত্র হিসেবে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাদের দুজনকে নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

এদিকে আগের কমিটিতে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে। তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ পদে আগে ছিলেন মোট ১২ জন। নতুন কমিটিতে মোট ২৪ জন জায়গা পেয়েছেন এ পদে।

অন্যদিকে আগের কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন নাহিদা সারোয়ার নিভা। নতুন কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এ পদে আগে মোট ২৪ জন ছিলেন। নতুন কমিটিতে এ পদে রাখা হয়েছে মাত্র ছয়জনকে।

এ ছাড়া যুগ্ম মুখ্য সংগঠক, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও যুগ্ম মুখ্য সমন্বয়কের পদগুলোও বিলুপ্ত করেছে এনসিপি। আব্দুল হান্নান মাসউদ, দিলশানা পারুলসহ এসব পদে থাকা অনেকেই যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন নতুন কমিটিতে।


রাজনৈতিক পর্ষদ থেকে বাদ সামান্তা-নিভা

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাশাপাশি এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও রদবদল এসেছে। ১৮ সদস্যের রাজনৈতিক পর্ষদ থেকে সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভাকে বাদ দেওয়া হয়েছে। সে হিসাবে এখন এনসিপির রাজনৈতিক পর্ষদে রয়েছেন ১৬ জন।

রাজনৈতিক পর্ষদের সদস্যরা হলেন— নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, নাহিদা সারওয়ার নিভা, আবদুল হান্নান মাসউদ, আতিকুর রহমান মোজাহিদ, নুসরাত তাবাসসুম, মাহমুদা আলম, আবদুল্লাহ আল আমিন, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাত।