১২ কোটি টাকার প্রণোদনা পেলেন রাজশাহীর ৩৯ হাজার আখচাষি রাজশাহী প্রতিনিধি

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৬

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবারবিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটারে ক্লিক করে চাষিদের মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তারা হলেন— আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরও উপস্থিতি ছিল।


এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে সরাসরি জনসভাস্থলে যান তিনি। জনসভায় বক্তব্য দেওয়ার পর রাজশাহী ধর্মসভার পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তিনি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে সকালে তিনি রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহী যান।

রাজশিয়ার কর্মসূচি শেষে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।