মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৩৩ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগ দিয়েছেন ব্যাংকার আহমেদ শাহীন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (৪ অক্টোবর) তিনি নতুন দায়িত্বে যোগ দেন। ব্যাংকিং খাতে ৩৩ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আহমেদ শাহিনের। ১৯৯২ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক ব্যাংকিং, কর্পোরেট রিলেশনশিপ ও স্ট্রাকচারড ফাইন্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন আহমেদ শাহীন। ব্যাংকিং খাতে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সে বিভিন্ন পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক আহমেদ শাহীন যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) সনদ অর্জন করেছেন। এ ছাড়া ‘ফাইন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইউসিপি ৬০০ আইএফসি স্কিম’-এরও সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েট তিনি। বর্তমানে তিনি আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের সদস্য হিসেবে কাজ করছেন।

মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে, আহমেদ শাহিনের নিয়োগের মাধ্যমে ব্যাংকের প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর ও ঝুঁকি ব্যবস্থাপনার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।