আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, জানাল বিআরটিএ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (১৫ জুন) এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। এতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং যানবাহন পর্যবেক্ষণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বিআরটিএ জানায়, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। জিপিএস ডিভাইসের নির্ধারিত কারিগরি মান (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।