৯ মাসে রাজস্ব ঘাটতি ২৫%, সর্বনিম্ন প্রবৃদ্ধি মার্চে

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত) রাজস্ব আদায় হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। একই সময়ে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা।

সে হিসাবে, অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৯৮ হাজার কোটি টাকা বা ২৫ দশমিক ৩৯ শতাংশ। ৯ মাসের এ রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের দুই লাখ ৫৯ হাজার ৯৯৬ কোটি টাকার তুলনায় কম।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে৷ তথ্য বলছে, গত ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থাৎ এ অর্থবছরের ৯ মাসের ঘাটতি গত অর্থবছরের ঘাটতিকে ছাড়িয়ে গেছে।

এদিকে এ অর্থবছরের ৯ মাসের মধ্যে মার্চে প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে কম। গত জুলাইয়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছিল ২৪ দশমিক ৬১ শতাংশ, যা এই ৯ মাসে সর্বোচ্চ।

একক মাস হিসেবে নভেম্বরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ, ডিসেম্বরে ১১ দশমিক ৪৫ শতাংশ। জানুয়ারিতে তা ৩ দশমিক ২১ শতাংশে নেমে আসে। ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি বেড়ে ৮ দশমিক ১৬ শতাংশ হলেও মার্চে তা ২ দশমিক ৬৭ শতাংশে নেমে আসে। সব মিলিয়ে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ শতাংশ।

চলতি অর্থবছরের জন্য বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে সরকার সে লক্ষ্যমাত্রা সংশোধন করে পাঁচ লাখ তিন হাজার কোটি টাকায় উন্নীত করে।