দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা, হতাহতদের প্রতি গভীর শোক প্রধানমন্ত্রীর

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় উদ্বেগ ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

আজ রোববার (২২ মার্চ) বিকেলে এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় এ উদ্বেগ ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রেস সচিব সালেহ শিবলীর সই করা বিজ্ঞপ্তিতে বিবৃতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে কুমিল্লায় রেল ক্রসিংয়ে একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জনের প্রাণহানি হয়েছে। তদন্তের মাধ্যমে এ দুর্ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ইতোমধ্যে দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।

আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এসব দুর্ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।


কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লা ছাড়াও ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্নস্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।’

জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এ ছাড়া রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।