খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান এবং খামেনির রুহের মাগফেরাত কামনা করেন।
একই সাথে মধ্যপ্রাচ্যের বর্তমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির।
তিনি বলেন, এই পরিস্থিতি সামরিক উত্তেজনার দিকে গেলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি, কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার জন্য জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।