পাকিস্তানকে উড়িয়ে জয় বাংলাদেশের, ফাইনালে প্রতিপক্ষ ভারত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান ‘এ’ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। লো স্কোরিং ম্যাচে ৫৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ১১০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান অলআউট হয় মাত্র ৫৬ রানে।

মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। ওপেনার ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই আরেক ওপেনার শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন ক্যাপ্টেন ফাহিমা খাতুন। হুরাইনা সাজিদকে ফিরিয়ে দেন সানজিদা আক্তার মেঘলা।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাঝখানে ইউসরা আমির ও ক্যাপ্টেন হাফসা খালিদ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন হাফসা। ইউসরা আমির করেন ১১ রান। বাকি কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন সর্বোচ্চ তিনটি উইকেট। দুটি উইকেট পান ফাহিমা খাতুন। এ ছাড়া তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩.৫ ওভারে ওপেনিং জুটিতে আসে ১৯ রান। ১৩ রান করে আউট হন শামীমা সুলতানা। আরেক ওপেনার ইসমা তানজিম করেন ১২ রান। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে শারমিন সুলতানা করেন ১৫ রান।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশও। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান দলনেতা ফাহিমা খাতুন। তিনি ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ৩২ বলে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন ফাহিমা।

দলের হয়ে লতা মণ্ডল করেন ৫, ফারজানা ইয়াসমিন ৬, শরিফা শূন্য, সাদিয়া আক্তার ৮, ফাতেমা জাহান ২ এবং সানজিদা আক্তার মেঘলা ১ রান। সব মিলিয়ে ১১০ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ছোট লক্ষ্য রক্ষা করে বড় জয় তুলে নিয়ে এখন শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত বাংলাদেশে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।