আমিও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির
নিজেকে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এখানে অনেক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান রয়েছেন। আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ভাই জীবন দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় এমন বাংলাদেশের চিত্র দেখলে হয়তো তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘এখনো মায়েরা ঘরে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচল নিরাপদ নয়, কর্মস্থলেও নিরাপত্তা নেই। চাঁদাবাজ ও মামলাবাজের ভয়ে সাধারণ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে ব্যাপকভাবে ছুঁয়ে ফেলেছে। এই বাংলাদেশ কি আমরা চাই?’
জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। নির্বাচনের সময়ে তারা জনগণের কাছে পির-দরবেশ-আউলিয়া হিসেবে হাজির হয়, বসন্তের কোকিলের মতো সুন্দর ছবি দেখায়। তবে নির্বাচনের পর তারা অদৃশ্য হয়ে যায়।’
ইসলাম ধর্মীয় ব্যাপারে অতিরিক্ত জোর দেয় না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এ কারণেই ৫ আগস্টের পর ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারাদারি করেছে জামায়াতের কর্মীরা। ক্ষমতায় এলে আমরা সব ধর্মের মানুষের উৎসব নিরাপদে উদযাপনের নিশ্চয়তা দেবো।’