ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার: প্রেস সচিব

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৫ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তের জন্য জাতিসংঘকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার আগেই নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, মামলাটির তদন্তের জন্য যত দ্রুতসম্ভব জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে (ওএইচসিএইচআর) তদন্ত পরিচালনার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়েছে।

প্রেস সচিবের এ বক্তব্য এমন সময়ে এলো যখন ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ তার হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সংশ্লিষ্টতার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

প্রেস সচিব আরও বলেন, এ হত্যাকাণ্ডে পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভাব্য যেকোনো আন্তর্জাতিক তদন্তে সর্বাত্মক সহযোগিতা করা হবে।