রমজানে খেজুরের দাম কমাতে শুল্ক ছাড় দিল সরকার

shohel mia
shohel mia shohel mia
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে বড় ধরনের শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

সরকার মনে করছে, আমদানি শুল্ক এবং অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে আসন্ন রমজানে খেজুরের বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।

এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে তা এ বছরেও বহাল আছে।

খেজুর আমদানিতে আমদানি শুল্ক এবং অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেওয়ার কারণে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে।